চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরান ও ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি নিরাপত্তাসহ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৈঠকের শুরুতে শি বলেন, এই আলোচনার ‘যুগান্তকারী তাৎপর্য’ রয়েছে।
বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, তারা ‘সত্যিই ইতিহাস সৃষ্টি করছেন’।
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা তাদের প্রাথমিক বক্তব্যের পর প্রায় ২০ মিনিট ধরে রুদ্ধদ্বার আলোচনায় যুক্ত ছিলেন।
শেনজেন থেকে আল জাজিরার ক্যাটরিনা ইউ জানিয়েছেন, এই বৈঠকের কোনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।
আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস উল্লেখ করেছেন যে, এই বৈঠকের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে তিন নেতার অবস্থানের মধ্যে ভিন্নতা রয়েছে।
ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে শি তিনটি দেশের মধ্যে ঘনিষ্ঠতর সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই তিনটি দেশের একে অপরের অংশীদার ও বন্ধু হওয়া উচিত… বড় শক্তিগুলোর উচিত একে অপরকে সম্মান করা এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা।’
শি আরও বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষার জন্য এই তিনটি দেশ নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে পারে। দেশগুলোর উচিত নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং সংকটকালীন যোগাযোগের একটি কৌশল বা ব্যবস্থা গড়ে তোলা।’
তিনি তিনটি প্রধান শক্তি-যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে আহ্বান জানান যেন তারা ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার করে এবং সম্পর্ক বিচ্ছিন্নকরণ (ডিকাপলিং) বা সরবরাহ শৃঙ্খল ভেঙে ফেলার মতো পথ অনুসরণ না করে।’
শি বলেন, বর্তমান বিশ্ব আর বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি নয়। মানবজাতি এখন একটি ‘বৈশ্বিক গ্রামে’ বসবাস করছে, যেখানে সবার ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত। এ পরিস্থিতিতে বড় শক্তিগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে।

তিন নেতা শেনঝেনের কিলিন ভিলায় একসঙ্গে হাঁটছেন। রয়টার্স।
চীনা প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের ভিত্তিতে বড় শক্তিগুলোর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর পাশাপাশি পুরো বিশ্ব উপকৃত হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করে অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফল অ্যাপেক সম্মেলন আয়োজনের জন্যও তাকে অভিনন্দন জানান তিনি।
ট্রাম্প বলেন, সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিন নেতার আলোচনার মতো অনেক বিষয় রয়েছে এবং এরই মধ্যে তারা অনেক কিছু নিয়ে কথা বলেছেন বলেও জানান তিনি।
পুতিন তার বক্তৃতায় বলেছেন, রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিগুলির মধ্যে ছিল। তিনটি দেশ ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার’ জন্য ‘যৌথ দায়িত্ব’ ভাগ করে নেয়।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্বও তিন দেশের অভিন্ন। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক আইনের ব্যবস্থা শক্তিশালী করার দায়িত্বও তাদের ওপর রয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। ট্রাম্পের উদ্যোগে বৈঠকে ইউক্রেন সংঘাত নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এ সংঘাতের সমাধানে তিন দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সেইসঙ্গে ইউক্রেনের যুদ্ধসহ আঞ্চলিক সংঘাতের সমাধানের মতো বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব দেন।