Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় সাংবাদিককে তু‌লে নেওয়ার চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:৪০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৫:৪৯

ঘটনার মুহূর্ত। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক বিলাল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। তবে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হন তারা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রাম থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।

সাংবাদিক বিলাল হোসেন ‘দৈনিক আমাদের সময়’-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘দ্য এডিটরস’-এর উপকূলীয় প্রতিনিধি ও ‘সাতক্ষীরার সকাল’-এর শ্যামনগর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতিও।

বিজ্ঞাপন

বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম-আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এ সময় তিনি ও তার বাবা আক্তার মল্লিক বাইরে বের হন এবং সড়কে গিয়ে দেখেন ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজল, জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা মমিনুর রহমান মমিন ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

তার অভিযোগ, সড়কে পৌঁছানোর পর তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। তিনি উঠতে না চাইলে তাকে মারধর করা হয়। এ সময় তিনি চিৎকার করলে লোকজন এগিয়ে আসে এবং তাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নেয়। এরপর তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চান।

পরে তাকে না পেয়ে তার বাড়িতে আবারও হামলা চালানো হয়। এতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তার বৃদ্ধ বাবাকে তারা পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, ‘সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।’

তাদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইলফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনসহ স্থানীয় কয়েকজনকে যুক্ত দেখা যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তারা দাবি করেন।

এই দুই নেতা বলেন, এ কারণে বিলালকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতে তার বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে জনমত তৈরির উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিলাল পালিয়ে যান। তাদের দাবি, সে সময় বিলালের বাবা পুলিশের সামনেই পুলিশের গাড়িতে হামলা করেন এবং তার পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তখন পুলিশ তার বাবাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর ব্যবহৃত সরকারি মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এদিকে, এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর