Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের পেছাল তাইম হত্যা মামলার যুক্তিতর্ক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:২৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৫:২৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম-কে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্কের শুনানি আবারও পিছিয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে করা এ মামলায় কারাগারে থাকা দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে না পারায় আগামী ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন

মামলার ১১ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন দুজন। তারা হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাবেক উপপরিদর্শক (এসআই) শাহাদাত আলী।

প্রসিকিউশন জানায়, গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলন চলায় নিরাপত্তার স্বার্থে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ওই দুই আসামিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে রেজিস্ট্রার জেনারেলকে জানিয়েছে। পরে প্রসিকিউটর ফারুক আহাম্মদ শুনানির জন্য সময় চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া তাইমকে ধরে নিয়ে হত্যার বিবরণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের গুলি চালানোর ভিডিও ও স্থিরচিত্র উপস্থাপন করে।

প্রসিকিউশনের উপস্থাপনা অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় শত শত পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। ওই সময় সাঁজোয়া যান থেকে পুলিশ সদস্যরা ব্যাপক গুলি চালাচ্ছিলেন। পরিস্থিতি দেখে বন্ধুদের নিয়ে যাত্রাবাড়ীর পূর্বদিকে কাজলার একটি চায়ের দোকানে আশ্রয় নেন তাইম।

কিছুক্ষণ পর দোকানটির কাছে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য জড়ো হন। তাদের দেখে তাইম ও তার বন্ধুরা দোকানের শাটার নামিয়ে দেন। প্রসিকিউশনের দাবি, এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাঁদের ‘ক্রসফায়ার করে দেওয়ার’ কথা বলেন। পুলিশ শাটার খুলতে বললেও তাঁরা তা খোলেননি। পরে শাটার খুলে পুলিশ সদস্যরা তাইমকে ধরে নিয়ে যান।

রাষ্ট্রপক্ষের উপস্থাপনা অনুযায়ী, এরপর একজন পুলিশ সদস্য তাইমের বাম পা ও কোমরের কাছে গুলি করেন। এ সময় দোকান থেকে বিভিন্ন মালামালও লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। লুট হওয়া মালামালের মধ্যে ২৫ হাজার টাকার সিগারেট ছিল বলেও দাবি প্রসিকিউশনের।

যুক্তিতর্কের শুনানিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পুলিশের ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইনের কথোপকথনের একটি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করে রাষ্ট্রপক্ষ। ওই ভিডিওতে ইকবাল হোসাইনকে বলতে শোনা যায়, ‘একটা গুলি করি, একটাই যায়, বাকিডি যায় না, স্যার।’ এ ছাড়া তাইমকে গুলি করার ভিডিও এবং সাজ্জাদ উজ জামানের স্থিরচিত্রও উপস্থাপন করা হয়।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক উপকমিশনার ইকবাল হোসাইন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন এবং নিরস্ত্র এসআই সাজ্জাদ উজ জামান।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এরপর ২৯ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জবানবন্দি গ্রহণ শুরু হয়। পরদিন ১৬ জুন ২৫তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাঁকে জেরা করেন। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি করে তাইম-কে হত্যা করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বন্ধু রাহাতকেও গুলি করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর