ঢাকা: বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। শুনানি শেষে আগামী ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।
এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে ব্যারিস্টার সুমন হোসাইনসহ অন্য আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, তাদের মক্কেলরা পরিস্থিতির শিকার। মিথ্যাভাবে তাদের এ মামলায় জড়ানো হয়েছে এবং মামলার উদ্দেশ্যও সঠিক নয়। রাষ্ট্রপক্ষ থেকে এ বক্তব্যের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাটের ২ নম্বর মসজিদসংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছেন।
পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। আটকের পর আনিসুল হকের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়।
অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঁ, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার উপপরিদর্শক নুরুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে জ্ঞাতসারে বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছিলেন। জব্দ করা মুদ্রার বিষয়ে তাঁরা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।