Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে: রাশেদ তিতুমীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৫:০৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৫:০৮

রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্র্যাক আয়োজিত নীতি সংলাপে বক্তব্য রাখছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর – ছবি : সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী নৃশংসতায় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজকের রায়ের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা তরুণদের একটি অংশ অস্তিত্বের সংকটে এতটাই নিমজ্জিত যে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেক থাকলে এই সংকট থেকে তাদের উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও এখন অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেলেও তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ৩৪ শতাংশ কমেছে। প্রয়োজনের তুলনায় আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই তাদের দায়িত্ব এড়াতে পারে না।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে পাঁচ দফাভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব উপস্থাপন করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য শুধু মানবিক সহায়তা যথেষ্ট নয়, তাদের রাজনৈতিক অধিকারও নিশ্চিত করতে হবে। এ সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সহযোগিতায় মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশের ওপর রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক চাপের কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তবে এ জন্য বাংলাদেশকে বিপুল ব্যয় বহন করতে হচ্ছে, যা দেশের সীমিত সম্পদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধারের পথে থাকা বাংলাদেশের জন্য এটি অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সাড়া প্রয়োজন।

ব্র্যাকের সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে এ নীতি সংলাপের আয়োজন করা হয়।

উল্লেখ্য, রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর