ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার পর এবার জেলার মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কর্মকর্তা শাজাহান শিকদার। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় আগুন দেয়। একই সময়ে তারা জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এ ছাড়া বিএনপির অফিস ভাঙচুর করেছে তারা।
ফায়ার সার্ভিসের শাজাহান শিকদার বলেন, ‘দুপুর ১২টা ৩ মিনিটের দিকে থানায় আগুন দেওয়া হয়। কিন্তু পুলিশ নিরাপত্তা না পাওয়ায় সহিংসতার কারণে দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।’
তিনি বলেন, ‘মুকসুদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট স্থানীয়দের নিরাপত্তায় অগ্নিনির্বাপণে কাজ করছে।’ তবে থানার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এর আগে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় থানার অস্ত্র লুটপাট করার অভিযোগ ওঠে।