Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৭:১৪

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ – ছবি : সংগৃহীত

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন নুরুল ইসলাম নাহিদের পক্ষে কোনো আইনজীবী জামিন আবেদন করেননি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও না থাকায় আদালতের এজলাসে তোলা হয়নি। হাজতি পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল নাহিদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার অধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে নাহিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। অপরাধ সংঘটনে তিনি নিজের কর্মীবাহিনী নিয়োজিত করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এজাহারে বলা হয়েছে, একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর