Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পঞ্চম বাহিনী’-কে পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৬:৫৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: প্রতিনিধি

ঢাকা: দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে এদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুরু থেকে তারা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু বর্তমানে এসব কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাদের সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী দাবি করেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। তার মতে, যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনো দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দেশে অর্থের বিনিময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে তিনি অভিযোগ করেন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ এবং এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পটভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন, কিন্তু তা আর সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি গোপালগঞ্জের বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যার ঘটনার উল্লেখ করেন।

সাবেক একজন জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আগামী বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির কথাও ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। পাশাপাশি, এই মাসে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বর দিবসটি দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পালন করা হবে।

রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এফএন/এআর
বিজ্ঞাপন

আরো