Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদীয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্পিকার ও মালদ্বীপ হাইকমিশনারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৬:২৭

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ -ছবি : স!গৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে বলে তিনি উল্লেখ করেন। দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বন্ধন রয়েছে জানিয়ে স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সফর বিনিময় এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, বিগত সরকারের স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ সেই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এবারের সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে এবং নারী সংসদ-সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ, যারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এদেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। এ কারণেই প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান। বৈঠকে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর