Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছি: দিনেশ ত্রিবেদী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ১৬:৫৫

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী -ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, সত্যি বলতে আমি এখানে এসেছি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার যে দায়িত্ব ও অবস্থান—আমি এই সুযোগটি নিয়েছি। কারণ, তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারাটা ছিল দারুণ আনন্দের।

বিজ্ঞাপন

দীনেশ ত্রিবেদী বলেন, উনি দ্বৈত ভূমিকায় থাকলেও শুধুমাত্র সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি সংস্কার বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে, সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ, সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।

তিনি বলেন, এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেবো না। আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।

এর আগে খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক  ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন পৃথক পৃথক সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর