Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ২০ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৭:০৫

চট্টগ্রাম: দুই বছর বিরতির পর দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে আবারও শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-সিআইটিএফ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, আমাদের দেশে উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিকীকরণ ও বিদেশি ব্যবসায়ীদের এসব পণ্য সম্পর্কে ধারণা দিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভূমিকা রেখে আসছে। কিন্তু রাজধানী ঢাকায় এ ধরণের মেলা আয়োজনের জন্য একাধিক ভেন্যু থাকলেও চট্টগ্রামে স্থায়ী কোন ভেন্যু না থাকায় এখানে মেলা আয়োজন করতে গিয়ে আয়োজকদেও নানা ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাণিজ্য মেলার জন্য একটি স্থায়ী ভেন্যুর জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। আশা করছি বর্তমান সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মেলার বিভিন্ন দিক তুলে ধরে মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডের ৪ লাখ বর্গফুট জায়গা জুড়ে হচ্ছে এবারের আয়োজন। মেলা প্রাঙ্গনকে নান্দনিক ও ব্যতিক্রমভাবে ফুটিয়ে তুলতে পার্কের আদলে লে আউট ডিজাইন করা হয়েছে।

এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন, ১টি এসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। মেলায় বাংলাদেশি পণ্য ছাড়াও ভারত, পাকিস্তান, চায়না ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও বিভিন্ন স্টলে পণ্য নিয়ে আসবেন।

একই সাথে অনেক প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানীজ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়নে নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দকে মেলা পরিদর্শনের জন্য চেম্বারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর ফলে সেসব দেশে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ মেলা পরিদর্শন করবেন যা দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী নির্বাচন করে বিশেষ পদক ও সনদপত্র প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ২০ নভেম্বর বিকেল তিনটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, আবু সুফিয়ান এমপি ও সাঈদ আল নোমান এমপি।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম, কো-চেয়ারম্যান আমান উল্লাহ আল ছগীর (ছুট্টু) ও আবু হায়দার চৌধুরী (আমজাদ), সদস্য আসাদ ইফতেখার, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সরোয়ার আলম খান, শহীদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর