ঢাকা: ছয় দিনের সফরে শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। আগামী ২৬ নভেম্বর সফর শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।