নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন সাগর হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।