Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সবজির বাজার চড়া, কমেছে মুরগি-ডিম-মাছের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ১৭:০৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১৭:১৬

সবজির বাজার।

ঢাকা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিপাতে সরবরাহ ঘাটতিতে রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে সবজির দাম বাড়লেও বাজারে মুরগি, ডিম এবং মাছের দাম কিছুটা কমেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কাঁচাবাজারে সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা, ফলে আজ ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে। আরিফুল ইসলাম নামের এক সবজি বিক্রেতা বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে আগের চেয়ে বেশি দামে সবজি কিনে আনায় দাম কিছুটা বেড়েছে।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম বলেন, বাসাবো কাঁচাবাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পটল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা, উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, সিম মানভেদে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, পুরাতন টমেটো প্রতি কেজি ২২০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবারে শান্তি নগর কাঁচাবাজারে বেসরকারি ব্যাংকে চাকরিজীবী ওয়াদুদ আলী বলেন, টানা বৃষ্টির কারণে আজ বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিন যে দাম ছিল সেই তুলনায় আজ প্রতিটা সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছে, বৃষ্টির কারণে নাকি কারণ বাজারে আজ সবজির সরবরাহ একেবারেই কম। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে বৃষ্টি সে কারণেই মূলত সবজির দাম বেড়েছে।

সবজির দাম কেন বাড়ছে জানতে চাইলে একই বাজারের সবজি বিক্রেতা আকমল হোসেন বলেন, আজ সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে দেখি সবজির সরবরাহ একেবারেই কম। মূলত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারিনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ একটু সবজির দাম বাড়তি যাচ্ছে।

তিনি বলেন, আজকাল এই সবজির দাম বাড়তি থাকবে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে বাজারে সবজির সরবরাহ বেড়ে দাম কমে আসবে। এছাড়া শীত মৌসুম শুরু হচ্ছে তার মানে সবজির পুরা মৌসুম , শীতের এই পুরো মৌসুম জুড়ে সবজির দাম কম থাকবে বাজারে। আজ যে কিছুটা সবজির দাম বাড়তি এর একটাই কারণ বৃষ্টির প্রভাব।

শান্তিনগর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। তবে গরু ও খাসির মাংসের দামে বাজারভেদে পার্থক্য রয়েছে।

শান্তিনগর বাজারে গরুর মাংস ৮৫০ ও খাসি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাসাবো বালুরমাঠ বাজারে গরুর মাংস ৮২০ ও খাসি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ডিমের দাম দুই বাজারেই ডজনপ্রতি ১৪০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা এবং ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস শান্তিনগরে ৮৫০ টাকা এবং বাসাবো বালুরমাঠে ৮২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুই বাজারে গরুর মাংসের দামে কেজিতে ৩০ টাকা পার্থক্য রয়েছে। খাসির মাংস শান্তিনগরে ১ হাজার ৩০০ টাকা এবং বাসাবো বালুরমাঠে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের প্রথম ও মাঝামাঝি সময়ে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সে তুলনায় আজ ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। একইভাবে সোনালি মুরগির দামও আগের ৩১০ থেকে ৩৩০ টাকা হলেও আজ কমে ৩০০ টাকায় নেমেছে।

ডিমের দামেও কিছুটা পরিবর্তন এসেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসেবে আগের চেয়ে ডিমের দাম কমেছে।

মাছের বাজারেও কয়েক ধরনের মাছের দাম আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে। বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম ৩৪০ থেকে ৩৮০ টাকা কেজি। সামুদ্রিক বাইলা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। লইট্যা মাছের দাম ৩০০ টাকা কেজি। তবে টেংরা মাছ ৬০০ টাকা এবং কই মাছ প্রকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছের দাম আরও বেশি, প্রতি কেজি ১ হাজার থেকে ১২০০ টাকা।

গত কয়েক সপ্তাহের বাজার প্রতিবেদনে রুই মাছের দাম ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি পর্যন্ত উল্লেখ করা হয়েছিল। সে তুলনায় আজ রুই মাছ ৩৪০ থেকে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাঙাশের দামও আগের প্রতিবেদনে উল্লেখ করা দামের তুলনায় কম পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর