Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগকে সহযোগিতা করলে ছাড় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৯:২৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১৯:২৪

বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বিএনপির কেউ আ.লীগকে সহযোগিতা করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ (আওয়ামী লীগ) তারা নাশকতার পথ বেছে নিয়েছে। তারা ধরে নিয়েছে শেখ হাসিনা দেশে আসবে, তারা আবার ক্ষমতায় যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একবার যারা পালিয়ে যায় তারা আর কখনও ফিরে আসে না। বিএনপি কখনও পালিয়ে যায়নি। ১৭ বছর আমরা মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম, শত নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে মাঠে-ময়দানে ছিলাম। আর এরা গোপনে বিমান যোগে ও হেলিকপ্টার যোগে ভারতে আশ্রয় নিয়েছে। নতুন করে তারা স্বপ্ন দেখছে, আবারও নাশকতা করছে। তারা গোপালগঞ্জে গত কয়েকদিন ধরে বিশৃঙ্খলা করেছে। তারা ভেবেছিল তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। বিএনপি কোনো রক্তপাত করেনি। বিএনপি সবাইকে চিহ্নিত করেছে। যারা দায়ী তাদেরকে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনা হবে।‘

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয়। সবাই চায় শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে। সেজন্য বিএনপি কোনো সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি। এত উসকানির ভেতরেও তারা কিছু করতে পারেনি। আমরা কোনো লাশ তৈরি করিনি, যা করেছে ফ্যাসিস্টের দোসরেরাই করেছে। এই ফ্যাসিস্টরা বার বার লাশের রাজনীতি করছে। এখানকার কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা গোপালগঞ্জে গিয়েছে, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। তাদেরকে রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে এসে রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকারের সময় তাদেরকে নিষিদ্ধ করেছে তাদের নাশকতার আচরণের কারণে। বিএনপির কেউ যদি তাদেরকে সহযোগিতা করে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। ইতঃপূর্বে অনেক বিএনপি নেতা ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে রাজনীতি করেছে। সেই সুযোগ আর নতুন করে দেওয়া হবে না। সুবিধাবাদীর রাজনীতি শেষ। দলের যে দালাল, ধান্ধাবাজ ও বাটপার তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না।’

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টিতে ভিজে ফ্যাসিস্টদের প্রতিরোধের এই মিছিল ও সমাবেশে সমবেত হন।

উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর