Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা, ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ০৮:০৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০০:৪৯

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দু’দিনের বৃষ্টিতে রাজবাড়ীতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শীতকালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধানখেত। কোথাও কাটা ধান পানিতে ভেসে গেছে, আবার কোথাও পেঁয়াজের বীজতলার ছোট ছোট চারা তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার হাজারো কৃষক।

শনিবার (২১ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলার কৃষিমাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেক জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ফসল রক্ষায় জমির মাঝখানে ছোট ছোট নালা তৈরি করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি মৌসুমে রাজবাড়ীতে ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের প্রস্তুতি নিচ্ছেন পাঁচ উপজেলার কৃষকেরা। এ লক্ষ্যে অনেক কৃষক বীজতলাও তৈরি করেছেন। এ ছাড়া, জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।

বিজ্ঞাপন

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের অধিকাংশ বীজতলায় এরই মধ্যে বীজ থেকে চারা গজিয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে অনেক বীজতলায় ছোট ছোট চারা পানির নিচে তলিয়ে গেছে। এতে আসন্ন মৌসুমে পেঁয়াজ উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের চন্দনা নদীর তীরবর্তী এলাকার কৃষক রকিবুল ইসলাম সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘তিন দিন আগে তিনি জমিতে ধান কেটে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান পানিতে ভেসে গেছে। আমি বড় ধরনের আর্থিক ক্ষতির ‍মুখে পড়তে যাচ্ছি।’

একই উপজেলার নটাপাড়া গ্রামের কৃষক অমৃত বৈরাগী সারাবাংলাকে বলেন, ‘নিম্নচাপের প্রভাবে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকলে ফুলকপিতে পচন ধরতে পারে। এ ছাড়া, অনেক জমির ধান, পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময়ের বৃষ্টিপাত কৃষকদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।’

এদিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের বীজতলা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় নিজেদের উদ্যোগে ১২টি সেচযন্ত্র বসিয়ে জমি থেকে পানি অপসারণের চেষ্টা করছেন স্থানীয় কৃষকেরা। বিলের বিভিন্ন স্থানে সেচযন্ত্র বসিয়ে পাইপের মাধ্যমে জমে থাকা পানি সরাতে দেখা গেছে তাদের।

অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার কৃষক আসুতোষ মন্ডল সারাবাংলাকে জানান, সারা বছর পেঁয়াজের দাম কম থাকায় গত বছর উৎপাদন খরচও ওঠেনি। এবার ধার-দেনা করে পেঁয়াজের বীজ কিনে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু বৃষ্টিতে তার বীজতলার চারা নষ্ট হয়ে গেছে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. এনামুল হক সারাবাংলাকে বলেন, ‘আবহাওয়া অধিদফতর থেকে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও দু’দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কৃষিতে ক্ষয়ক্ষতি হতে পারে।’ কৃষি বিভাগ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর