ঢাকা: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। তাই তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দেশজুড়ে চলমান সহিংসতা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গাজী এমএইচ তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে। এ তদন্তের পরিধি হবে দেশব্যাপী। ফলে তদন্ত শেষ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সেই বিষয়টিও বিচারিক প্রক্রিয়ায় এসেছে। ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দিয়েছেন।
প্রসিকিউটর তামিমের ভাষ্য, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তারা মনে করেন। বর্তমানে দেশজুড়ে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলনও ওই রায়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করা রায়ের ভিত্তিতে পরবর্তী সময়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গাজী এমএইচ তামিম বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ-এর মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলায় আসামিদের সাজা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত দিন সময় লাগতে পারে, জানতে চাইলে প্রসিকিউটর বলেন, তদন্তের সময়সীমা সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। এ মুহূর্তে তদন্ত শেষ হওয়ার সম্ভাব্য সময় জানানো যাচ্ছে না।