কক্সবাজারের টেকনাফে আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলিসহ টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মোঃ হোসেনের ছেলে মো. ইব্রাহিমকে (১৮) আটক করেছে। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শরীফুল ইসলাম বলেন, গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফের বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহন করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শগ্রামসহ টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন ২টি ইজিবাইককে থামার সংকেত দিলে চালকেরা জানান, ইজিবাইকে বহনকৃত মালামালগুলোর মালিক সামন থাকা মোটরসাইকেলের আরোহীরা। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা ফায়ার করে। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটক করা ২টি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ১ সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাই বাক্স, ৩ কেজি পেরেক ও ২৪টি স্কচটেপ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের জব্দকৃত আইইডি, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জামাদি এবং সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।