ঢাকা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি ট্রাইব্যুনালকে জানান, এ মামলায় ছয় আসামির হাজিরার জন্য রোববার দিন ধার্য ছিল। তবে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অবস্থান শনাক্ত করতে পারেনি।
প্রসিকিউটর জানান, মির্জা আজমের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি মর্মে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানান তিনি। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য সময় চান।
শুনানি শেষে ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
এ মামলার ছয় আসামি হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
রোববার সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে হাজির করা সম্ভব হয়নি।
এর আগে, গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন বিচারিক প্যানেল। একই সঙ্গে পলাতক মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাত নেতা। তারা ১৪ দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউকে কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় সাত নেতার বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।