ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় ১৯ আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া এবং কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান।
রোববার সকালে কারাগার থেকে এই ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বাকি ১৩ আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান ও শরীফ আশরাফুল আলম বাবুল।
এর আগে গত ৭ সেপ্টেম্বর পলাতক ১৩ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এরও আগে গত ২৬ জুলাই ১৯ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তার শরীরে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।
অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে তুলে রাখা হয়। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর উদ্দেশ্যে গাড়িটি সড়কের একপাশ থেকে অন্যপাশে ঘোরানো হয়। একপর্যায়ে প্রায় মৃত অবস্থায় তাকে সড়কে ফেলে দেওয়া হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এরপর সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়। তবে ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত মনে করে গুলি না করে তাকে রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজকের পাশে ফেলে দেন।
অভিযোগে বলা হয়েছে, তখনো ইয়ামিনের শরীরে প্রাণের স্পন্দন ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৯ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারিক কার্যক্রম শুরু হলো। আগামী ১৪ ডিসেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।