চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)।
উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে জাবেদের বাড়িতে। বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর একটি কালো ব্যাগে টাকাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে সারাবাংলাকে বলেন ,গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে চা বাগান সংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাই হওয়া বাকি ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।