Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টোল জালিয়াতির অভিযোগে এফডিইই কার্যালয়ে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৫:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৫:৪৫

টোল জালিয়াতির অভিযোগে এফডিইই কার্যালয়ে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন যে সংখ্যক যানবাহন চলাচল করে, খাতাপত্রে তার চেয়ে কম হিসাব দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অনিয়মের সত্যতা যাচাইয়ে এক্সপ্রেসওয়েটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে’(এফডিইই)-এর কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২২ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ অনুযায়ী, প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ করা হচ্ছে, যার ফলে সরকার তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনেও এ বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি যানবাহনের কম সংখ্যা দেখিয়ে টোল আদায়ের হিসাব দিচ্ছে। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এসব অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছিল পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

অন্যদিকে, টোল আদায়ের প্রকৃত তথ্য পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সেতু বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর টোল আদায় নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এফডিইইর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। একই সঙ্গে টোল আদায়সহ এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের (ওঅ্যান্ডএম) কাজে চীনা প্রতিষ্ঠান ‘শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড’-এর সম্পৃক্ততার বিষয়েও প্রতিষ্ঠানটির কাছে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের সংখ্যা সরাসরি গণনার জন্য নিজস্ব লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেতু কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে নির্মিত এই মেগা প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, আর নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে এফডিইই। তবে দুদকের এই অভিযানের পর প্রকল্পের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর