Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৫:২২

পুড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: শহরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক।

রোববার (২২ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার পাবলিক হেলথ মোড়ে নিউ তাজ মোটরস এন্ড মেশিনারিজের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ট্রাকের মালিক মো. রফিকুল আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল আলম ইজিবাইক ও মেশিনারিজের ব্যবসা করেন। রাতে তার মিনি ট্রাকটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাখা ছিল। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি সেখানে এসে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। একই সঙ্গে পাশের একটি বাড়ির বিদ্যুতের সার্ভিস তার ও মিটারও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

গাড়ির মালিক রফিকুল আলম জানান, দোকানের সিসিটিভি ফুটেজে পেছন দিক থেকে ধারণ করা ভিডিওতে দুই ব্যক্তিকে ট্রাকে আগুন দিতে দেখা গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বলেন, ‘রাত ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘পাবলিক হেলথ মোড়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর