Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৫:১৪

হাইকোর্ট । ছবি : সংগৃহীত

ঢাকা: ১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। জনস্বার্থে তিনিই এ রিট আবেদনটি দায়ের করেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, নীতিমালা প্রণয়নের জন্য অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। রুলের জবাব দিতে বিবাদীদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণা অনুযায়ী, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দার সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গবেষণায় অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে।

গবেষণায় শিশুদের শারীরিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে।

এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় পর্দায় কাটানো শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। এসব শিশু রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এই বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় পর্দার সামনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতার কথা উল্লেখ করে রিটে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেই হাইকোর্টে রিটটি করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর