ঈদ বা উৎসবে শখ করে আমরা অনেকেই দামি পোশাক কিনি। অনেক সময় এমন হয়, সংগ্রহে থাকা অনেক কাপড়ই নিয়মিত পরা হয় না, আলমারিতে পড়ে থাকে। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, প্রয়োজনের অতিরিক্ত এমন কাপড়ের কি যাকাত দিতে হবে? ইসলামের বিধান অনুযায়ী এর স্পষ্ট উত্তর রয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১১০)
অতিরিক্ত কাপড়ের ওপর কি যাকাত আসে?
যাকাত ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান ব্যক্তিরা ঠিকমতো যাকাত আদায় করলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আবার কেউ যাকাত আদায়ে গড়িমসি করলে বা ঠিকমতো যাকাত না দিলে তার জন্য শাস্তির কথাও বলা হয়েছে।
তবে কারও অতিরিক্ত কাপড় থাকলে তার ওপর যাকাত দিতে হবে না; কারণ তা ব্যবহারের কাপড়। ব্যবহারের কাপড়-চোপড় প্রয়োজনের অতিরিক্ত ও মূল্যবান হলেও তার ওপর যাকাত আসে না। কিন্তু স্বর্ণ বা রূপার অলংকার ব্যবহারের জন্য হলেও তার যাকাত দিতে হয়।
বিশেষ ব্যতিক্রম: জামা-কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতে সোনা-রুপার কারুকাজ করা থাকলে তা-ও যাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে। যে পরিমাণ সোনা-রুপা কারুকাজে লেগেছে, অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে তারও যাকাত দিতে হবে।
সদকার ফজিলত
সাধারণ অতিরিক্ত কাপড়ের ওপর যাকাত ফরজ না হলেও তা থেকে নফল সদকা করা যায়। হাদিস শরিফে ব্যবহৃত কাপড় সদকা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং এতে অনেক ফজিলতের কথা বলা হয়েছে।
ওমর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি যে, যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে দোয়া পড়বে, এরপর পুরাতন কাপড়টি সদকা করে দেবে, সে আল্লাহ তায়ালার হেফাজত ও নিরাপত্তায় থাকবে এবং জীবনে ও মরণে আল্লাহ তায়ালার পথে থাকবে। (জামে তিরমিজি, হাদিস: ৩৫৬০)
তাই আলমারিতে অব্যবহৃত পড়ে থাকা ভালো কাপড়গুলো অসহায় বা প্রয়োজনে থাকা মানুষের মাঝে সদকা করে দিলে একদিকে যেমন অন্যের উপকার হয়, তেমনি নিজের জন্যও বাড়তি সওয়াব ও বরকতের দরজা খুলে যায়।