দিনাজপুর: হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা তাজেল তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তাজেল তালুকদার হাকিমপুর উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় অবস্থান করেন। এ কারণে শিশুটি তার দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা। তারা একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করতেন।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তাজেল। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।