ঢাকা: বিক্রির চাপ কাটিয়ে দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিস্থিতির আভাস দেখা যাচ্ছে। প্রায় দুই মাস পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেন আবারও হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে গত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে প্রধান সূচক। আর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এ ইতিবাচক ধারা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই পুঁজিবাজারে লেনদেন ও বিনিয়োগ কার্যক্রমে আরও গতি ফিরতে পারে। পাশাপাশি বাজারে স্থিতিশীলতাও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য বাজারের ওপর কঠোর নজরদারি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে, রোববার (২২ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান তাদের ভাষ্য, গত তিন মাস ধরে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও আর্থিক লেনদেন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি গত দুই মাসের মধ্যে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৫৭৮ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই’র অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫.৫১ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ১৪.৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০০.২৪ পয়েন্টে।
দিনটিতে ডিএসই-তে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসই-তে মোট ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ আগস্ট এক্সচেঞ্জটিতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে মোট ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
রোববার সিএসই-তে মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দর বেড়েছে, ৫১টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.৬৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৪.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও সূচকটি ১৭.৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।