খুলনা: খুলনায় ফের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফের কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) সকালে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে এই কালির বিষয়টি সবার নজরে আসে। কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
স্থানীয়রা জানান, শনিবার (২১ নভেম্বর) রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি ছিল না। তবে রোববার সকালে তার গ্রাফিতিতে এ কালির দাগ দেখা যায়। দেয়ালটিতে বিভিন্ন জাতীয় ও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছে। এসব প্রতিকৃতির মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর নগরীর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় দেয়ালচিত্রে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করে দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়।