Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১১:০৮ | আপডেট: ৮ মে ২০২৬ ১১:০৯

কুষ্টিয়া: নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়াজুড়ে দিনব্যাপী চলবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রদ্ধা নিবেদন ও রবীন্দ্রসংগীত পরিবেশনা।

শুক্রবার (৮ মে) সকাল থেকেই কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী টেগর লজে জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু হয় বিভিন্ন আয়োজন। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও কুষ্টিয়া পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যপ্রেমী ও রবীন্দ্রভক্তরা।

সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত সবাই কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় ও বরেণ্য সংগীতশিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। আবৃত্তি ও একক সংগীত পরিবেশনায় মুখর হয়ে ওঠে টেগর লজ প্রাঙ্গণ। সাংস্কৃতিক আয়োজনে কবিগুরুর সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এদিকে, বিকেল ৩টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের করার কথা রয়েছে। সেখানে দেশবরেণ্য শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশ নেবেন।