ঢাকা: মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে আগামীর বাংলাদেশের প্রধান পরিচয়—প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি রাষ্ট্রই গড়তে চান বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি উপস্থিত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে, যেখানে মানবিক মূল্যবোধ ও ‘মানুষের জন্য মানুষ’এই চেতনাই সবার ওপরে থাকবে। তিনি আশ্বস্ত করে আরও বলেন, আজকের এই বিপদে যেমন তারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবেন।
বক্তব্যের এক পর্যায়ে গত ১৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী তরুণ শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তরুণ শাহরিয়ারের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল, কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক এই দুর্ঘটনায় তাকে অকালে হারিয়ে যেতে হলো। তিনি মরহুম শাহরিয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া চান।
এছাড়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম বিশেষভাবে উল্লেখ করে তাদের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে নিহত শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুনে শাহরিয়ার রহমান শুভ্র নামে ওই তরুণ দগ্ধ হয়ে মারা যান এবং অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার পরপরই নিজ সংসদীয় আসনের (ঢাকা-১৭) ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও দ্রুত পুনর্বাসনের জরুরি উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উদ্যোগের অংশ হিসেবে ঘরগুলো পুনর্নির্মাণ শেষে রোববার আনুষ্ঠানিকভাবে বাসিন্দাদের হাতে চাবি হস্তান্তর করা হলো।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।