তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে দেশের সাত শহরে ক্রিকেট একাডেমি চালু করতে যাাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বাছাইকৃত ক্রিকেটাররা প্রশিক্ষণ নিতে পারবেন বিনা খরচে।
রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সময়ের সঙ্গে সঙ্গে একাডেমি সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিসিবি বস।
তামিমের ব্যাখ্যা এই প্রচেষ্টায় বিসিবির খুব বেশি অর্থ খরচ হবে না এবং স্থানীয় একাডেমিগুলোর সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক হবে না। তামিম ইকবাল বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’
দেশের বিভিন্ন শহরে মাঠ, উইকেট, ইনডোর সুবিধা রয়েছে। বিসিবির তত্বাবধানে কোচও আছে। এখন বল আর জার্সির ব্যবস্থা করে দিলেই বিসিবির একাডেমি পরিচালনা সম্ভব বলেছেন তামিম।
বিসিবি বস বলেন, ‘ধরুন, সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’
বিসিবির একাডেমি কিভাবে ক্রিকেটারদের উপকারে আসতে পারে সেই ব্যাখ্যা করেছেন তামিম। বর্তমানে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের ক্ষেত্রে বয়স যাচাইয়ের সপ্তাহখানেকের মধ্যে টুর্নামেন্ট শুরু হয়ে যায়। বিসিবি একাডেমি হলে চার মাস আগে বয়স যাচাই করে অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা তারপর টুর্নামেন্ট- এমন ভাবনা তামিমের।
তামিম বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’
একাডেমিতে প্রশিক্ষণ নিতে গিয়ে নতুনদের যেন পড়াশোনায় খুব বেশি ক্ষতি না হয় সেই পরিকল্পনাও থাকছে। তামিম বললেন, ‘আমরা চেষ্টা করবো বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করবো, ৫০ জন হোক বা ৬০ জন- তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’