যশোর: যশোরে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত টানা তিনদিন ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিতে ফসলের মাঠগুলোতে কেটে রাখা পাক ধান নষ্ট হয়ে গেছে। জমিতে তলিয়ে গেছে কেটে রাখা পাকা ধান। টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে দাঁড়িয়ে থাকা ধানও পানিতে নুয়ে পড়েছে একইসঙ্গে ধানগাছও পচে গেছে। টানা বৃষ্টিতে পচে যাওয়া ধানের অনেক আঁটিতে গজাতে শুরু করেছে অঙ্কুর।
কৃষিবিভাগের তথ্য ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে বৃষ্টিতে জেলার আট উপজেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি মৌসুমে সদ্য রোপনকরা সরিষার খেত। আবাদকরা ১৩ হাজার ৫০০ হেক্টর জমির মধ্যে ১৮৯০ হেক্টর জমিতে সরিষার খেত নষ্ট বা চারা পঁচে গেছে। ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর রোপা আমনের মধ্যে ১১৬৬ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া সবজির ৬৯০ হেক্টর, পেঁয়াজ ২৫ হেক্টর,মরিচ ২৮ হেক্টর ও ভুট্টা ৪৫ হেক্টর নষ্ট হয়েছে।
যশোর সদরের তফশিডাঙ্গার মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টির পর রোদ ওঠায় কয়েকজন কৃষক তাদের কেটে রাখা ধান উলটে দিচ্ছেন। ধান ওলটানোর ছবি তুলতে গেলে কৃষক আব্দুর রশিদ বলেন, ‘ছবি উঠিয়ে কি আর হবে আমাদের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ভাগে জমিটা নিয়ে ধান করেছিলাম। ধানও ভালো হয়েছিল। শেষ সময়ে পাকা ধানে মই দিলো। সব শেষ করে দিয়েছে। এখন ধান আর বিছুলি বাঁচানোই দায়।’
তিনি আরও বলেন, ‘ধান ভিজেছে দেড় বিঘা জমির। এই ধানে রং নষ্ট হবে আর দামও পাওয়া যাবে না। পাঁচ হাজার টাকা খরচ করে সরিষা করেছিলাম ১০ কাঠা জমিতে। সেই সরিষার খেতও নষ্ট হয়ে গেছে।’
যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চি মাঠে গিয়েও একই দৃশ্য দেখা গেছে। রোদের দেখা পেতেই কৃষকেরা ধানগুলো পানি থেকে উঁচু স্থানে সরাচ্ছেন। ঠান্ডা পানি থেকে যেটুকু ধান উদ্ধার করা হচ্ছে, তাও রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। মালঞ্চির এই মাঠটিতে যতদূর চোখ যায় ততদূর দেখা গেছে কৃষকের এই মহা ব্যস্ততা। কেউ কেটে রাখা ধান শুকানোর জন্য আঁটি বেঁধে রাস্তায় উঠাচ্ছেন, কেউ জমিতে নুয়ে পড়া ধান কাটছেন। আবার কেউ খড় শুকানোর কাজ করছেন।

খেত তলিয়ে যাওয়ায় পচে গেছে ধান গাছ।
সদর আলী বলেন, ‘ধার দেনা করে দেড় বিঘা ধান লাগিয়েছিলাম। সেই ধান জন (শ্রমিক) নিয়ে কেটেছিলাম গত বুধবার (১৮ নভেম্বর)। কাটার একদিন পরেই বৃহস্পতিবার থেকে টানা তিনদিন ধরে বৃষ্টি। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো অবিরাম মাঝারি বৃষ্টি। এতে জমিতে জমেছে হাঁটু সমান পানি। সেই পানিতে ভাসছে ধান। জমির কোনো জায়গায় পচতে শুরু করেছে ধান, কোথাও ধানে গজাচ্ছে অঙ্কুর। এ কারণে ধান বাঁচাতে মাঠে নেমেছি।’
এই কৃষক আরও বলেন, ‘দেড় বিঘা জমির চাষাবাদে সবমিলিয়ে খরচ হয়েছে ২২ হাজার টাকা। সার সেচের টাকা এখনো বাকি। এই ধান নষ্ট হলে নিজেরা খাবোই বা কী, আর দেনা শোধ করবোই বা কীভাবে?’
সবজির খেত নষ্ট, সরবরাহ ঘাটতির শঙ্কা
‘সবজি জোন’ হিসেবে পরিচিত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, বারিনগর, কাশিমপুর ইউনিয়ন এবং চৌগাছা উপজেলায় সবজি খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। শীতকালীন সবজির খেতে পানি জমে পুঁইশাক, বরবটি, পটল, করল্লা, বেগুন, মুখীকচু, বাঁধাকপি পচতে শুরু করেছে।
আবার সবজির চারা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত আব্দুলপুরে আগাম বাঁধাকপিসহ অন্যান্য সবজির চারা রোপণ করেছিলেন কৃষকেরা। অনেক জমি চারা উৎপাদনের জন্যও প্রস্তুত করা হচ্ছিল। কয়েকদিনের বর্ষণে সবকিছুই পানির নিচে চলে গেছে। এতে কৃষকেরা বলছেন, অসময়ের বৃষ্টিতে সবজির জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চাষাবাদ ব্যাহত হবে। এতে বাজারে কমবে সরবরাহ। ফলে প্রভাব পড়বে কাঁচাবাজারে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে তিন হাজার ৮৪৪ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো প্রস্তুত হয়নি, এটি করতে সময় লাগবে। রোববার (২২ নভেম্বর) থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। কৃষক যাতে ক্ষতি সামলে উঠতে পারে সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন তিনি।’