ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) অভিযানে ১৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন যাত্রী মোহাম্মদ রুহুল আমিন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হল এলাকার গ্রীন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় সিআইআইডি। ওই যাত্রী গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং লাগেজ স্ক্যান করা হয়। পাশাপাশি শরীরে লুকানো অবস্থায় কোনো অবৈধ বস্তু পাচারের সন্দেহে তাকে স্ক্যান করা হলে তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
আরও জানা যায়, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত অন্যান্য গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার শনাক্ত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩.৭৮ কোটি টাকা।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।