ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সারা বিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু এমন একজন ব্যক্তিকে কাছে রাখলে সেই বন্ধুত্ব কীভাবে টিকে থাকবে? যত দিন তাঁকে আশ্রয় দেওয়া হবে, তত দিন শুধু বাংলাদেশেই নয়, বরং গোটা বিশ্বে ভারত নিন্দিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিগত ৫০ থেকে ৫৫ বছরে এ দেশের মাটিতে এমন শাসকের দেখা মেলেনি। গায়ের জোরে টানা তিন মেয়াদ ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন, আজীবন রাষ্ট্রক্ষমতায় আঁকড়ে থাকবেন। কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে নয়, বরং ছাত্র-জনতার প্রবল গণবিস্ফোরণের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যাঁরা এভাবে পালিয়ে যান, তাঁদের পক্ষে কি কখনো ফিরে আসা সম্ভব? তিনি আবার দেশে ফেরার কথা ভাবলেও বাস্তবে তা কখনোই ঘটবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুদু।
আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডই দলটির প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এই কারণে সাধারণ মানুষের সঙ্গে দলটির কোনো সম্পর্ক অবশিষ্ট নেই এবং এ দেশের মানুষ তাদের অপকর্ম কোনোভাবেই মেনে নেবে না। রাজনীতিতে তাদের অবস্থানকে তিনি আবর্জনাতুল্য বলে আখ্যায়িত করেন।
রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে যে দৃষ্টান্ত প্রয়োজন, তা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিষ্ঠা করেছেন। বর্তমান রাষ্ট্রীয় নেতৃত্ব ও সরকারের ভূয়সী প্রশংসা করে দুদু বলেন, যাঁর নেতৃত্বে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে, তিনি অত্যন্ত জনবান্ধব এবং তাঁর নিজস্ব মহিমা রয়েছে। মন্ত্রিপরিষদ ও সহযোগীদের সবাই বিগত প্রায় দুই দশক ধরে নানা চড়াই-উতরাই ও পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন বলে তিনি মন্তব্য করেন।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণ ও রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বা পরজীবীর ঠাঁই এ দেশে হবে না।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁনসহ ১২-দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।