Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৬:৩৪

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

নওগাঁ: ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বক্তব্য দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘কৃষকদের অগ্রাধিকার সবার আগে। আমাদের দেশের প্রধান চালিকা শক্তিই হচ্ছে কৃষক। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকরা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রণোদনার উপকরণ দিয়ে আত্মীয়তা করার কোনো প্রয়োজন নেই। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে সকল ফসলের উৎপাদন বৃদ্ধি করা।’ দেশের কৃষিখাতকে আরও সৃমদ্ধশালী করতে আগামীতে প্রণোদনার পরিমাণ আরো বৃদ্ধি করার কথাও জানান তিনি।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার ৫ হাজার কৃষকদের মাঝে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) প্রণোদনার উপকরণ হিসেবে বিতরণ করা হচ্ছে। আমদানি নির্ভরতা কমাতে এবং পারিবারিক চাহিদা পুরণে প্রণোদনা দিয়ে কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান এই কৃষি কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর