Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের জনগণের নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৮:০২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১৮:০৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেছেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশের জনগণের নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ‘বিআরআই-এর ১০ বছর পূর্তি’ উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্মরণ করিয়ে দেন, ১০ বছর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক ঢাকা সফরের সময় চীন ও বাংলাদেশের মধ্যে বিআরআই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে চীনের সেটিই ছিল প্রথম আন্তঃসরকারি বিআরআই সহযোগিতা চুক্তি।

বিজ্ঞাপন

গত ১০ বছরে এই সহযোগিতার সাফল্যের পেছনে তিনটি মূল চালিকাশক্তির কথা উল্লেখ করেন তিনি। প্রথমত, দুই দেশের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক দিকনির্দেশনা।

তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারের ফলে ২০১৬ সালের কৌশলগত অংশীদারিত্ব থেকে ২০২৪ সালে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং চলতি বছর ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি’ গঠনের পর্যায়ে উন্নীত হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশের জনগণের নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে।

অন্যদিকে, বাংলাদেশও ‘এক চীন’ নীতির প্রতি অটল থেকে যেকোনো ধরনের ‘তাইওয়ানের স্বাধীনতার’ বিরোধিতা করে আসছে। মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই পারস্পরিক সমর্থনই দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়ন ও নীতিগত সমন্বয়ের ভিত্তি তৈরি করেছে।

অভিন্ন নীতি ও উন্নয়ন দর্শনের স্থায়ী শক্তি। চীনা কূটনীতিক বলেন, প্রতিবেশী কূটনীতিতে চীন আন্তরিকতা, পারস্পরিক কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করে। চীন কখনোই তার উন্নয়ন মডেল অন্যের ওপর চাপিয়ে দেয় না বা অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে কোনো রাজনৈতিক শর্ত জুড়ে দেয় না। বাংলাদেশ ও চীনের এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং কোনো একচেটিয়া গোষ্ঠীবদ্ধতাও তৈরি করে না; বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগকেও চীন স্বাগত জানায়। এ ছাড়া প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (জিডিআই)-এর মাধ্যমে বাংলাদেশে সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে কাজ চলছে, যেখানে উন্নয়নের মূল চালিকাশক্তি থাকছে বাংলাদেশ সরকার ও জনগণের হাতেই।

তিনি আরও বলেন, চীনের অর্থনীতির শক্তিশালী ভিত্তি ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রবৃদ্ধি। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বারবার কমানো হলেও চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগোচ্ছে। চীনের এই ক্রমবর্ধমান অর্থনীতি, উদ্ভাবন এবং উন্মুক্ত বাজারনীতি বাংলাদেশের কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরাসরি আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর