Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রোটিয়া পেসারদের তোপে একশ’র আগেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ২২:১০

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ লড়াই করলেও আজ পুরোপুরি ব্যর্থ সফরকারী ব্যাটাররা। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি দ্বিতীয় টেস্টের খেলা। টস হয়েছে দিনের লাঞ্চ বিরতিরও পর। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। শুরু থেকেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন প্রোটিয়া পেসাররা।

বিজ্ঞাপন

নতুন বলে বাংলাদেশি ব্যাটারদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন স্বাগতিক পেসাররা। মার্কো ইয়ানসনের করা  ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ৯ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার।

প্রথম উইকেট হারানোর পর মুমিনুল হককে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহফিজুল। তবে সেই জুটিও বড় হয়নি। ৩৪ রানের জুটি ভাঙে মাহফিকুলের আউটে। ইনিংসের ১৪তম ওভারে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন মাহফিজুল। ৪০ বলে ২৩ রান করেন এই ওপেনার।

একই ওভারে ব্যাটিংয়ে নেমে চার মেরে শুরু করলেও পরের বলেই বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই বলের ইনিংসে তার সংগ্রহ ৪ রান। এরপর উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ১১ রান করে বিদায় নেন মুমিনুল।

ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব ছিল দুর্দান্ত ফর্মে থাকা তাওহীদ হৃদয় ও লিটন দাসের কাঁধে। কিন্তু তারাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। দুজনের জুটি থেকে আসে মাত্র ১৩ রান। ৮ রান করে লিটন ফিরলে পরের ওভারেই সাজঘরে ফেরেন হৃদয়। তার ব্যাট থেকে আসে ১৯ রান।

একজন ব্যাটার কম নিয়ে খেলতে নামা বাংলাদেশের ইনিংসকে টেনে নেওয়ার মতো কোনো জুটি আর হয়নি। দক্ষিণ আফ্রিকার পেসারদের গতি, সুইং ও নিয়ন্ত্রিত লাইন-লেংথের সামনে অসহায় আত্মসমর্পণ করে একশ রানের আগেই থামে সফরকারীদের প্রথম ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসন তিনটি করে উইকেট নিয়েছেন।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম দিনেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর