সিরাজগঞ্জ: এনায়েতপুরে আওয়ামী লীগ নেতা আশরাফ আলীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহায়মিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রইস উদ্দিন ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন।
নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক ছিলেন। তিনি গোপরেখী ধরপাড়া গ্রামের সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের দোকানে বসেছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জন সেখানে এসে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।