সিলেট: মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর চাল মুগরা গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি হয়েছে আলোচনা সভার মঞ্চ। মঞ্চের চারপাশে স্টল বসেছে নানা পণ্যসামগ্রী নিয়ে। সেখানে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের উৎপাদিত সামগ্রী ছাড়াও খেলনা, খাবার, পোশাক ও মসলাও আছে।
মাঠের মাঝ বরাবর তৈলাক্ত একটি বাঁশ। তার ঠিক ওপরে একটি মোবাইল ফোন রাখা। তৈলাক্ত সেই বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন কয়েকজন যুবক। অনেক চেষ্টার পর একজন বাঁশ বেয়ে জিতল মোবাইল। আরেক পাশে তীর-ধনুক নিয়ে তীর ছুড়ছেন কয়েকজন তরুণ। কেউ আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যে ছুড়ে মারছেন। অন্যদিকে নারীদের মধ্যে চলছে পান গোছানোর প্রতিযোগিতা। কে কত কম সময়ে পান গোছাতে পারেন, তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম উপলক্ষ্যে এমনই বর্ণিল আয়োজন করা হয়। খাসিয়া সোশ্যাল কাউন্সিলের আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এর সহযোগিতায় এই উৎসবটি অনুষ্ঠিত হয়। খাসিয়া সম্প্রদায়ের ১২৭তম বর্ষকে বিদায় এবং বরণ করা হয় ১২৮তম নতুন বছরকে।
ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর ২৩ নভেম্বর খাসি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী এ বর্ষবিদায় উৎসব পালন করে আসছেন। দিনটি তাদের কাছে আনন্দ, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশেষ উপলক্ষ্য। এদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সজ্জিত হয়ে নাচ-গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি তুলে ধরেন তারা।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথি, পর্যটক ও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় মিলনমেলায়। ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও নিজস্ব খাবারের মাধ্যমে সবাই আনন্দ ভাগাভাগি করেন। একই সঙ্গে এ আয়োজন খাসিয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
উৎসব উপলক্ষ্যে মাঠজুড়ে বসে বর্ণিল মেলা। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর-ধনুক এবং বাঁশ-বেতের তৈরি নানা সামগ্রী সাজিয়ে বসেন বিক্রেতারা। সিলেট বিভাগের প্রায় ৫০টি খাসিয়া পুঞ্জির মানুষ এ উৎসবে অংশ নেন। তাদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল খাসি ভাষায় প্রাথমিক স্তরের বইয়ের মোড়ক উন্মোচন। বইগুলোর মোড়ক উন্মোচন করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপারসন পিডিসন প্রধান, মারিয়াং এর নির্বাহি পরিচালক আন্তনী মুখিম ও বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্রীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলের সাধারণ সম্পাদক অনিল ডিখার।
খাসি নারী ইথিয়াংমন ধার বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি আমাদের পুরোনো বর্ষকে বিদায় জানাতে এবং নতুন বর্ষকে বরণ করতে। আজ আমরা ১২৭তম বর্ষকে বিদায় জানাব এবং নতুন বর্ষকে বরণ করব। এখানে এসে অনেক আনন্দ হচ্ছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের খাসিয়া সম্প্রদায়ের নাচ-গান হবে। নাচের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারব।’

হাঙ্গেরি থেকে আসা ডায়না বলেন, ‘খাসি সোশ্যাল কাউন্সিল আয়োজিত এই চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। এটি অত্যন্ত সুন্দর ও চমৎকার একটি আয়োজন। এখানে সমবেত হওয়া মানুষজন স্থানীয় কমিউনিটির সুন্দর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও নৃত্য উপভোগ করছেন। এটি সত্যিই অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পেরে আমি ভীষণ খুশি।’
আয়োজক কমিটির সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, ‘আজ আমাদের এই মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে ১২৭তম বর্ষবিদায় অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখেছেন, এতক্ষণ ধরে আমাদের সমাজ প্রধান ও ধর্মীয় প্রধানদের নিয়ে একটি দরবার ও আলোচনা হয়েছে। সেই আলোচনায় আগামী দিনগুলোতে কীভাবে এই অনুষ্ঠানকে আরও সুন্দর ও উন্নত করা যায়, আমাদের সমাজব্যবস্থার উন্নয়ন কীভাবে করা যায়, পাশাপাশি সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।’
তিনি বলেন, “বিভিন্ন পুঞ্জি ও গ্রাম থেকে মানুষ আসছেন। প্রায় ৫০টিরও বেশি গ্রামের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে এখানে এসেছেন। এই অনুষ্ঠানে আমাদের সমাজপ্রধানদের নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আমাদের ঐতিহ্যবাহী নাচ, গান ও খেলাধুলা থাকে। এ ছাড়া আমাদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এবং ছোট পরিসরে একটি মেলারও আয়োজন করা হয়।চ্
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আজ খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় অনুষ্ঠান। আগামীকাল থেকে তাদের নতুন বছর শুরু হবে। বাংলাদেশের অন্য কোথাও এ ধরনের অনুষ্ঠান হয় না। একমাত্র এই মাগুরছড়া পুঞ্জিতেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তাঁরা অনেক কষ্ট করে অত্যন্ত সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে এই আয়োজন সাজিয়ে থাকেন। আমরা চাই, আগামী দিনে এই অনুষ্ঠান আরও উন্নত ও সমৃদ্ধ হোক। আমাদের বাংলাদেশের শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আমরা সম্প্রীতির মিলনস্থল হিসেবে অভিহিত করি। সেই সম্প্রীতির চিত্রকে আমরা আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।’
উৎসব আয়োজক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, ‘খাসি সেং কুটস্নেম বাংলায় করলে হয় খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন অনুষ্ঠান করলেও বাংলাদেশে তাঁরা ২০১১ সাল থেকে আয়োজন করছেন। ব্রিটিশ আগ্রাসনে যখন আদিবাসীদের ভাষা-সংস্কৃতি হুমকির মধ্যে পড়েছিল, তখন কয়েকজন খাসিয়া তরুণ এ উদ্যোগ নিয়েছিলেন। সেই দিনটি ছিল ২৩ নভেম্বর। সেই থেকে দিনটি তাঁরা পালন করছেন।’