নীলফামারী: পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ওই তরুণী নীলফামারী ডোমারের সোনারায় ইউনিয়নের একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
ঘটনাটি রোববার (২৪ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় ঘটেছে।
জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানের মধ্যে বেধড়ক মারপিট শুরু করেন। মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতেই থাকেন।
ভুক্তভোগী ওই মেয়ের অভিযোগ, ‘আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সঙ্গে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবী বসে বাড়ির পাশে গল্প করছিলাম, এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তার সঙ্গে আমার পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে একপ্রকার উলঙ্গ করে মেরেছেন। এরপর আমাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যৎ নষ্ট করলো ও অকারণে মারলো, আমি এর বিচার চাই।’
মারধরের শিকার হওয়া মেয়েটির মা ও ভাবি জানান, ‘তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করলো। যার সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ মেয়েটির ভবিষ্যৎ তারা শেষ করে দিলো, আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।’
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তারা বাবা ও ভাই। তারা জানালেন, ‘আমরা অসহায় মানুষ বিনা কারণের আমার মেয়ে তারা অপবাদ দিলো। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদি দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছি না। এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।’
এ বিষয়ে আসিফ জানায়, ‘মেয়েটির সঙ্গে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি, কেউ প্রমাণ দিতে পারবেনা। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি, পরিবারে খরচ ঠিকমতো দিতে পারিনা তাই হয়ত আমার পরিবারের লোকজন তাকে আমার সঙ্গে সম্পর্কে বিষয় সন্দেহ করে মারধর করছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি সে আমার সম্পর্কে ভাতিজি।’
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাইজুল্লাহ বিপু জানান, ‘রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, ‘ভিডিও আমার নজরে এসেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’