Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৩:৫০

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব।

পটুয়াখালী: জাগতিক সকল পাপ মোচনের আশায় গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে গঙ্গাস্নান সম্পন্ন করেন সনাতনীরা।

স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্ব পুরুষদের স্মরণে ও মানত পূরণের আশায় মাথা ন্যাড়াসহ পিণ্ড দান করেন। এসময় উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রীতিমা দর্শন করেন ভক্তরা।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজা অর্চনা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে ৩ দিন। আগতদের নিরাপত্তায় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সনাতনীদের বিশ্বাস, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বধ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। তবে, সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদ্‌যাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাস উৎসব ঘিরে আগত পূর্নাথীদের পাশাপাশি ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি ছিলো, কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ছাড়াই গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর