Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১২:৪৮

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

ঢাকা: শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।

এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন সূত্র জানায়, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

মামলাটিতে জিয়াউল আহসান একমাত্র আসামি। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন।

বিজ্ঞাপন

গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংশ্লিষ্ট কয়েকটি নথি ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। পরে সাফাই সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্য ও জেরা শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের নামে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে, ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর