ঢাকা: রাজধানীতে নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক এবং ককটেলের যোগানদাতা হিসেবে কাজ করা যুবলীগ নেতা আবুল হাসেম ওরফে বাদলকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে গ্রেফতার করে।
ডিএমপির উপ-পুলিশক মিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক উপাদানাবলী আইনে দায়েরকৃত মামলার অন্যতম আসামি ও ককটেল যোগানদাতা আবুল হাসেম ওরফে বাদলকে গ্রেফতার করেছে এসআরইউ।
তিনি বলেন, এর আগে যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকা থেকে ককটেলসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ওই আসামির দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিস্ফোরক সরবরাহের মূল হোতা হিসেবে আবুল হাসেম ওরফে বাদলের সম্পৃক্ততা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) এসআরইউ’র আর অ্যান্ড ডি বিভাগ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবুল হাসেম ওরফে বাদল কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা বিপ্লবী পরিষদের সাংগঠনিক সম্পাদক। তিনি চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক ও ককটেলের যোগানদাতা হিসেবে কাজ করছিলেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।