ঢাকা: পুরোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্মও হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ উৎখাতের জন্য। এটাই জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’
সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, সেটি তারাও চান। তবে তাকে বন্দি অবস্থায় এসে গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে।’ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মমর্যাদা ও সমমর্যাদার ভিত্তিতে হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি-সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।