Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঋণের ছাড়ে লাগামছাড়া খেলাপি

আদিল খান, স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৭

খেলাপি ঋণ। ফাইল ছবি

ঢাকা: রাজনৈতিক প্রভাব, পরিচালকদের পছন্দের গ্রাহককে ঋণ বিতরণ, জামানত যাচাইয়ে দুর্বলতা ও ব্যাংকারদের জবাবদিহিতা না থাকায় খেলাপি ঋণ বাড়ছে। বিশেষ করে বড় গ্রাহকদের একের পর এক নীতিগত ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত পুনঃতফসিল, সুদ মওকুফ ও এককালীন পরিশোধের সুযোগে ঋণ আদায় তলানির দিকে ঠেলে দিয়েছে। ফলে খেলাপি কমানোর কোনো উদ্যোগই কাজে আসছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এর বাইরে আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণগ্রহীতাদেরও নির্দিষ্ট শর্তে নতুন ঋণ পাওয়ার সুযোগ খেলাপি ঋণ আদায়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে খেলাপি বৃদ্ধির ধারাবহিকতায় গত সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। এ নিয়ে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপিরা বারবার নীতি ছাড় ও নতুন সুবিধা পাওয়ায় ঋণ পরিশোধে তাদের আগ্রহ কমছে। এ অবস্থায় পুনঃতফসিল বা সুদ মওকুফের মতো সুবিধা চালু রেখে খেলাপি ঋণ কমানো সম্ভব নয়। বরং ঋণগ্রহীতার পাশাপাশি অনিয়মে জড়িত ব্যাংকারদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমঝোতা ও সালিশের মাধ্যমে বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণের অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। তারা আরও বলছেন, ইচ্ছাকৃত খেলাপিদের প্রতি কঠোর অবস্থান ও ব্যাংকারদের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না।

খেলাপি ঋণ কমাতে গত কয়েক বছরে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংকটে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বিশেষ পুনর্গঠন সুবিধা চালু করা হয়। এজন্য ২০২৫ সালের জানুয়ারিতে একটি কমিটি গঠন করা হয়। এ সুবিধার আওতায় প্রায় ১ হাজার ২০০টি আবেদন জমা পড়ে। ৫০ কোটি টাকার বেশি ঋণ থাকা বড় গ্রাহকদের জন্য বিশেষ শর্তে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৫ থেকে ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়। পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খেলাপি ঋণ না কমার অন্যতম কারণ হলো- বড় খেলাপিদের ঋণ পরিশোধের সক্ষমতা থাকলেও নানা কৌশলে তারা এড়িয়ে যাচ্ছেন। উলটো তারা নতুন ঋণ পাচ্ছেন। এই ধারা চালু থাকলে খেলাপি ঋণ কমবে না, এবং এটাই স্বাভাবিক। এ সংস্কৃতি থেকে বের হয়ে ঋণ খেলাপিদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হতে হবে। নিয়ম শিথিল না করে কড়াকড়ি করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ আদায়ে জোড় তাগাদা দিয়ে সময় সময় হালনাগাদ তথ্য নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

এর আগে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আর্থিকভাবে বিপর্যস্ত প্রতিষ্ঠানের জন্য আরও একটি নীতিমালা করা হয়। এতে ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধ এবং দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ রাখা হয়। ২০২৬ সালের ৩১ আগস্ট এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। আগে বিশেষ সুবিধা নেওয়া গ্রাহকদেরও নতুন করে পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, ‘ঋণ আদায়ে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। খেলাপিদের এক্সিটি পলিসি দেওয়া হয়েছে। এটার মূল্যায়নে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। তবে বড় বড় খেলাপি ঋণের পরিস্থিতির উন্নতি ঘটাতে কঠোর পদক্ষেপ নিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৬৫৫ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। ফলে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। জুন শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ, শুধু খেলাপি ঋণের পরিমাণই বাড়েনি, মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের অনুপাতও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাধারণ ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। আগে প্রায় সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় ডাউন পেমেন্ট ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবেদনের সময় ১ শতাংশ এবং পুনঃতফসিল কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে বাকি ১ শতাংশ পরিশোধের সুযোগ রয়েছে। এ ছাড়া, এককালীন ঋণ পরিশোধের সুবিধাও কয়েক দফা সহজ করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া এ সুবিধায় প্রথমে ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ ছিল। পরে ডাউন পেমেন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয় এবং পরিশোধের সময় বাড়ানো হয়।

এর আগে ২০২৬ সালের ২৯ জুন বিশেষ এককালীন নিষ্পত্তি সুবিধা চালু করা হয়। এতে নির্দিষ্ট শর্তে ঋণের আসল টাকা একবারে পরিশোধ করলে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ মানে শ্রেণিকৃত ঋণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতফসিল করা কিছু ঋণ এ সুবিধার আওতায় আসবে। এর পাশাপাশি ঋণ অবলোপনের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৫ সালের ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে টানা দুই বছর মন্দ মানে শ্রেণিকৃত থাকার শর্ত শিথিল করে ৩০ দিনের নোটিশে ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া, আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন করে ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিরাও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম থেকে ঋণ সুবিধা পাবেন। এর পাশাপাশি সাম্প্রতিক চারটি শিল্পগোষ্ঠীর নয়টি খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় নতুন ঋণ ও ঋণপত্র খোলার সুযোগ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

ঋণের ছাড়ে লাগামছাড়া খেলাপি
২৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৭

শীতের পাতে পুষ্টি
২৫ নভেম্বর ২০২৬ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর