Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ফুটবল ছেড়ে চলে যাচ্ছেন শুকি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ২৩:২৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০২:২৯

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পথচলা আপাতত থামছে শুকি ইতোফুসার। আরও উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলার লক্ষ্য নিয়ে ফর্টিস এফসির সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছেন জাপানি বংশোদ্ভূত এই উইঙ্গার। তবে বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ইচ্ছা নেই তাঁর। বরং বিদেশের লিগে নিজেকে আরও পরিণত করে লাল-সবুজের জার্সিতে অবদান রাখতে চান ২২ বছর বয়সী এই ফুটবলার।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের পাঁচ রাউন্ড না পেরোতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুকি। ফর্টিসের সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও নতুন চ্যালেঞ্জ নিতে আগেভাগেই বিদায় নিতে চান। ক্লাব কর্তৃপক্ষও চুক্তির বাধা সামনে না এনে তাঁর সিদ্ধান্তকে সমর্থন করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন শুকি। তবে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এই উইঙ্গার।

শুকি বলেন, ‘নিজের কথা বললে, একটি শীর্ষ লিগে উচ্চ পর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা আমারও রয়েছে। জাতীয় দলের হয়ে আরও ভালো করতে এবং লাল-সবুজের জার্সিতে নিজেকে মেলে ধরতে আমি অন্য একটি লিগে কঠোর পরিশ্রম করতে চাই, যেন বাংলাদেশকে আরও জয় এনে দিতে পারি।’

গত ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শুকির। এরপর জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। ফর্টিসের হয়ে ঘরোয়া লিগের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নিজেকে যাচাই করতে চান এই ফুটবলার।

শুকিকে ধরে রাখার সুযোগ থাকলেও দেশের ফুটবলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ফর্টিস। ক্লাবটির সভাপতি শাহীন হাসানের ভাষ্য, ‘শুকি আমাকে জানিয়েছে, আমাদের চেয়ে উন্নত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো দেশের লিগে খেলে নিজের মান বাড়াতে চায় সে, যাতে আবার বাংলাদেশে এসে খেলতে পারে। ওর সঙ্গে আমাদের এক বছরের চুক্তি ছিল, চাইলে চুক্তির বেড়াজালে আটকে রাখতে পারতাম। কিন্তু বিষয়টি যেহেতু জাতীয় দলের, তাই শুরু থেকেই আমরা দেশের ফুটবলের ভালোর পাশে আছি। দিনশেষে এটাই আমাদের সফলতা।’

ফর্টিস ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও নতুন ক্লাবের নাম এখনো নিশ্চিত নয়। শুকির এজেন্ট সম্ভাব্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ার লিগে খেলার সম্ভাবনার কথা সামনে এসেছে; জাপানের লিগও তাঁর সম্ভাব্য গন্তব্যের আলোচনায় রয়েছে। তবে কোনো চুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর