Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৩:৫৮

প্রতীকী ছবি। ছবি: সারাবাংলা

ঢামেক: রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম হাওলাদার (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মাসুম মারা যান।

আহত ব্যক্তিরা হলেন বশির উদ্দিন (৩৩), রুবেল হোসেন (৩১) ও মো. আল আমিন (৩০)।

আহত বশির উদ্দিনের স্ত্রী মোছা. নুপুর আক্তার জানান, তাদের বাসা শনির আখড়ার বাগানবাড়ি এলাকায়। আহত আল আমিন ও রুবেল আত্মীয়। সকালে তার স্বামী তাদের দু’জনকে নিয়ে বাসার সামনে থেকে অটোরিকশায় রায়েরবাগ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনার শিকার হন তারা। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বশিরের পা ভেঙে গেছে। এ ছাড়া রুবেলের কানে ও হাতে এবং আল আমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসা শেষে তাদের তিনজনকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত মাসুম হাওলাদারের ভাই হামিম হাওলাদার জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর থানার মণ্ডপাশা গ্রামে। তাদের বাবার নাম হারুন হাওলাদার। মাসুম বর্তমানে রায়েরবাগ মসজিদের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরই তিনি রায়েরবাগ এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছেন বলে খবর পান। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, সকালে রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে অটোরিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসএমসি
২৫ নভেম্বর ২০২৬ ১৩:০৫

আরো

সম্পর্কিত খবর