চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পুটিমারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিমারি বিল এলাকায় কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে আরও দুজন আহত হন।
নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের কর্মী টমাস। তবে আহত দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ থেকে এ হতাহতের ঘটনা ঘটেছে।’