রাজবাড়ী: নাব্যতা সংকটের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রমে নদীর নাব্যতা সংকট দূর হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) দুপুর থেকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘাট সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর রাত থেকে নাব্যতা সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে, তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিকেল পর্যন্ত কয়েক দফায় ফেরি চলাচল বন্ধ ছিল।
দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুট ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়। অবশেষে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে ফেরি চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের আট জেলার মানুষের যাতায়াতের অন্যতম সহজ নৌপথ। প্রতিদিন এ রুট দিয়ে শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী পারাপার হন। ফেরি ছাড়াও ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে নদী পারাপার হন যাত্রীরা।
ধাওয়াপাড়া ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম জানান, নাব্যতা সংকটের কারণে ১২ অক্টোবর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে ১৯ অক্টোবর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে ড্রেজিং কার্যক্রম শুরু হয়। ২৪ নভেম্বর ড্রেজিংয়ের কাজ শেষ করে নদীতে নাব্যতা ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষামূলকভাবে ‘ক্যামেলিয়া’ নামের একটি ফেরি ধাওয়াপাড়া ঘাট থেকে নাজিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরীক্ষামূলক চলাচলে সবকিছু স্বাভাবিক থাকলে এ রুটে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে।