Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১১:৪৫

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এ খাতের বিকাশে সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাত এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত থেকে রফতানি আয় বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।’

তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ।

রফতানি সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রফতানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রফতানি বাজার খুঁজে বের করতে হবে।’

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে। এসব পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা বাড়বে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন ক্ষেত্র তৈরি হবে।’

দেশের পোলট্রি শিল্পের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

খামারিদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি হচ্ছেন খামারিরা। তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘প্রাণিসম্পদ খাতের অন্যতম প্রধান অন্তরায় বিভিন্ন ধরনের রোগবালাই। বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ১৭ ধরনের রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ফের দূষিত ঢাকার বাতাস
২৬ নভেম্বর ২০২৬ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর